প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬
সময়: ১১:০০ এএম
কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে মুন্সিগঞ্জ জেলা যুবদলের শুভেচ্ছা বিনিময়
শাকিল প্রধান:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সঙ্গে নবগঠিত ৮ জেলা ও মহানগর যুবদলের সাংগঠনিক সিদ্ধান্ত সংক্রান্ত এক জরুরি দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ১ম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। সভাটি সঞ্চালনা করেন যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল।
সভায় নবগঠিত জেলা ও মহানগর যুবদলের সুনির্দিষ্ট সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, নেতাকর্মীদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ ও বাস্তবায়নের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংগঠনকে আরও শক্তিশালী, বেগবান ও সুসংহত করতে দলের ভেতরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত জেলা ও মহানগর নেতৃবৃন্দকে স্থানীয় পর্যায়ে দলকে আরও গণমুখী করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় অংশগ্রহণকারী নবগঠিত জেলাগুলোর মধ্যে অন্যতম মুন্সিগঞ্জ জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানা ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক মুন্সিগঞ্জ জেলা যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।