পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ১০০০ লিটার ওয়াশ ও মদ জব্দ, গ্রেফতার ৩

​নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে প্রায় ১ হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) ও ৫ লিটার প্রস্তুতকৃত চোলাই মদ জব্দ করা হয়েছে। এ সময় মাদক তৈরি ও বাজারজাতের সঙ্গে জড়িত অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

​আজ বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানাধীন কৃষ্ণপুর ইউনিয়নের বদলপুর এলাকায় চোলাই মদের আস্তানায় এই বড় ধরনের অভিযান চালানো হয়। অভিযানে তল্লাশি চালিয়ে প্রায় ১০০০ লিটার মদ তৈরির কাঁচামাল বা 'ওয়াশ' এবং ৫ লিটার প্রস্তুতকৃত চোলাই মদ উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দকৃত মদ ও উপকরণ ধ্বংস করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন:
১. বান্দন (৪৫), পিতা: কিনা
২. সুজিত (২১), পিতা: বান্দন
৩. রহিন (৩৬), পিতা: গংগা
(সবার সাং: বদলপুর, থানা: পত্নীতলা, জেলা: নওগাঁ)
​পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি এলাকায় অবৈধভাবে চোলাই মদ তৈরি ও বাজারজাত করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
​মাদক নির্মূলে পত্নীতলা থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।