দেশের ৩৪ লাখ শিশুর টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
বাসস:
চলমান হাম-রুবেলা প্রাদুর্ভাবের মধ্যে দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে সুরক্ষায় জাতীয় হাম-রুবেলা ক্যাচ-আপ টিকাদান কর্মসূচিতে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউনিসেফের মাধ্যমে এ সহায়তা দেওয়া হচ্ছে।
বুধবার রাজধানীর বনানীর কড়াইলের টিঅ্যান্ডটি খেলার মাঠে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক জিলান। মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র আওতায় এ কর্মসূচিতে সহায়তা দেওয়া হচ্ছে।
এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের যোগাযোগ ও অ্যাডভোকেসি বিভাগের প্রধান মিগুয়েল মাতেওস মুনোজ এবং ইউনিসেফ বাংলাদেশের ইমিউনাইজেশন লিড রিয়াদ মাহমুদ।
বাংলাদেশে চলমান হাম-রুবেলা প্রাদুর্ভাব মোকাবিলার অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় দেশব্যাপী এ টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে। ইউনিসেফের মাধ্যমে দেওয়া যুক্তরাষ্ট্রের এই সহায়তার লক্ষ্য হলো সরকারের টিকাদান কার্যক্রম আরও জোরদার করা এবং নির্ধারিত বয়সসীমার শিশুদের টিকার আওতা বাড়ানো।