হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান, ‘এটি আইনি বিষয়’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নিজেদের আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছে ভারত। নয়াদিল্লি বলছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি মূলত আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত।
বুধবার (৭ অক্টোবর) নয়াদিল্লিতে এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার ও মৃত্যুদণ্ডের বিষয়ে বাংলাদেশ ভারতকে প্রয়োজনীয় নথিপত্র দিয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, প্রত্যর্পণের বিষয়টি আইনি বিষয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আইনি দিকগুলো বিবেচনার বিষয় রয়েছে।
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নিতে তার বিচার ও মৃত্যুদণ্ডসংক্রান্ত নথিপত্র প্রয়োজন কি না—এমন প্রশ্নেরও মুখোমুখি হন ভারতের এই মুখপাত্র।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সাম্প্রতিক বক্তব্য নিয়েও প্রশ্ন করা হয়। তিনি বলেছিলেন, ভারতে শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের কর্মকাণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পিত দিল্লি সফরের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত ভবিষ্যতমুখী, গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চায়। এ সম্পর্কের মূল কেন্দ্র হবে বাংলাদেশের জনগণের স্বার্থ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের যোগাযোগ ও সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জনগণের স্বার্থই প্রধান চালিকাশক্তি।