সড়কে চাঁদাবাজি বন্ধে নতুন কমিটি কাজ করবে: রিজভী
সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, নতুন এই কমিটির মাধ্যমে পরিবহন খাতে দীর্ঘদিনের মাফিয়াবৃত্তির অবসান ঘটবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বাধীন নতুন কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, নতুন নতুন পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে দেশের পরিবহন খাতকে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের অচলাবস্থা দূর করে এ খাতকে আইন ও নিয়মের মধ্যে আনা এবং যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করাই হবে নতুন কমিটির অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি কাজ করবে। এর মাধ্যমে পরিবহন খাতকে ঘিরে গড়ে ওঠা মাফিয়াবৃত্তির অবসান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, রাজনীতিবিদরা দায়িত্ব পেলে রাজনৈতিক বিশৃঙ্খলা ও দীর্ঘদিনের নৈরাজ্যের অবসান ঘটানো সম্ভব হবে। একই সঙ্গে ১৭ বছরের নৈরাজ্য বন্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।