সারাদেশে হৃদরোগ চিকিৎসায় পৃথক সেন্টার স্থাপনের পরিকল্পনা সরকারের
দেশের মানুষের জন্য হৃদরোগের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে সারাদেশে পৃথক হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে সরকার।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত জানিয়েছেন, মানুষের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে চিকিৎসাসেবা নাগালের মধ্যে আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপন করলেই হবে না, এসব কেন্দ্রে সেবা নিশ্চিত করতে প্রশিক্ষিত হৃদরোগ বিশেষজ্ঞের সংখ্যাও বাড়ানো প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীতে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, হৃদরোগ বর্তমানে বাংলাদেশে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। তাই হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত হাঁটা ও স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্ব দিতে হবে।
এ ছাড়া রোগীদের মানসম্মত সেবা দিতে হাসপাতালগুলোতে প্রশিক্ষিত কাউন্সিলর নিয়োগ এবং জরুরি সময়ে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সারাদেশে কার্ডিয়াক অ্যাম্বুল্যান্সের কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।