বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা
নেটওয়ার্কের বাইরে থেকেও যোগাযোগের সুযোগ, উচ্ছ্বাস ইলন মাস্কের
টেক ডেস্ক
বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হয়েছে। মোবাইল নেটওয়ার্কের প্রচলিত কাভারেজের বাইরে থাকা এলাকাতেও যোগাযোগের নতুন সুযোগ তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
বৃহস্পতিবার স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের প্রধান স্টেফানি বেডনারেকের একটি পোস্ট পুনঃপ্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক লেখেন, ‘Starlink connecting Bangladesh!’ তার এই পোস্টের পর বাংলাদেশে স্টারলিংকের নতুন সেবা নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
বেডনারেক জানান, স্টারলিংক মোবাইলের মাধ্যমে বাংলাদেশের লাখো মানুষ অতিরিক্ত সংযোগ সুবিধা পাবেন। বিশেষ করে যেসব এলাকায় প্রচলিত সেলুলার নেটওয়ার্ক পৌঁছায় না, সেসব অঞ্চলে এই প্রযুক্তি যোগাযোগের বিকল্প ব্যবস্থা হিসেবে কাজ করবে।

স্টারলিংকের তথ্য অনুযায়ী, মোবাইল অপারেটর বাংলালিংকের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে নেটওয়ার্ক কাভারেজের বাইরে থেকেও ব্যবহারকারীরা বার্তা পাঠানো, অবস্থান শেয়ারসহ নির্দিষ্ট যোগাযোগসেবা ব্যবহারের সুযোগ পাবেন।
প্রাকৃতিক দুর্যোগ, জরুরি পরিস্থিতি কিংবা দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রচলিত মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়লে এই প্রযুক্তি বিশেষভাবে কার্যকর হতে পারে। উপকূলীয় এলাকার বাসিন্দা, জেলে, সমুদ্রে কর্মরত ব্যক্তি, ভ্রমণকারী এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের যোগাযোগ সচল রাখার ক্ষেত্রে সেবাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।
বাংলালিংক জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় এ ধরনের সেবা চালুর ক্ষেত্রে তাদের উদ্যোগটি প্রথম। বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের গভীর সমুদ্র এলাকাতেও সেবাটি কাজে লাগার সম্ভাবনা রয়েছে। সামঞ্জস্যপূর্ণ ৪জি ফোন ও বাংলালিংকের সিম থাকলে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বাইরে থেকেও নির্দিষ্ট অ্যাপ ও লোকেশন-ভিত্তিক সুবিধা ব্যবহারের সুযোগ মিলবে।