বিদেশি শিক্ষার্থীদের ওপিটিতে ৭০ হাজার ডলার ফি প্রস্তাব যুক্তরাষ্ট্রের

পড়াশোনা শেষে কাজের সুযোগে বড় ফি, নবায়নে দিতে হবে ৩০ হাজার ডলার


বিশ্ব সংবাদ ডেস্ক


যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে কাজের সুযোগ পেতে বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ফি কাঠামোর প্রস্তাব করা হয়েছে। দেশটির অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচিতে প্রথমবার অংশ নিতে ৭০ হাজার মার্কিন ডলার এবং পরবর্তী প্রতিটি নবায়নের জন্য ৩০ হাজার ডলার ফি আরোপের সুপারিশ করা হয়েছে।


মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) প্রস্তাবিত এই কাঠামোর কথা জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্য, ভিসা ব্যবস্থার অপব্যবহার বন্ধ করা এবং তুলনামূলক কম মজুরির বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


প্রস্তাব অনুযায়ী, কোনো বিদেশি শিক্ষার্থী প্রথমবার ওপিটিতে অংশ নিলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে ৭০ হাজার ডলার ফি দিতে হবে। পরবর্তী সময়ে কর্মসূচির মেয়াদ বাড়ানো বা নবায়নের ক্ষেত্রে প্রতিবার ৩০ হাজার ডলার করে পরিশোধ করতে হবে।

বর্তমান নিয়মে যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষ করার পর আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণত এক বছর ওপিটির মাধ্যমে কাজের সুযোগ পান। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত—স্টেম বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়সীমা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত হতে পারে।


তবে মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, কিছু শিক্ষাপ্রতিষ্ঠান, নিয়োগদাতা ও শিক্ষার্থী ওপিটি ব্যবস্থার অপব্যবহার করছে। ভুয়া কর্মস্থল দেখানো এবং অর্থের বিনিময়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার মতো অনিয়মের অভিযোগও রয়েছে।

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের বড় অংশ আসে ভারত থেকে। পিটিআইয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশটিতে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬৩ হাজারের বেশি ছিল। আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাধ্যমে মার্কিন অর্থনীতিতে বড় অঙ্কের


 অর্থও যোগ হচ্ছে। তবে সামগ্রিকভাবে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমেছে; সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী আগের বছরের ১১ লাখ ৬৯ হাজার থেকে তা কমে ১০ লাখ ৫৭ হাজারে নেমেছে। প্রস্তাবটি চূড়ান্ত করার আগে সাধারণ মানুষের মতামত নেওয়ার জন্য ৬০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংগঠনগুলো এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলে নতুন ফি কাঠামোর বাস্তবায়ন বিলম্বিত হতে পারে।