সাংবাদিকের পোস্টের পর উদ্যোগ: কুলিয়ারচরে নিজস্ব অর্থায়নে সড়ক মেরামত করে দিলেন বিএনপি নেতা বাবুল

মোঃ মাইন উদ্দিন, কিশোরগঞ্জ  প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ডুমরাকান্দা থেকে ফরিদপুর আনন্দ বাজার হয়ে নাপিতেরচর খেয়াঘাট এবং আলালপুর থেকে খিদিরপুর হয়ে বড় ছয়সূতী চকবাজার পর্যন্ত দুটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। গত ৯ সেপ্টেম্বর স্থানীয় বাসিন্দা- আমাদের এ প্রতিনিধি সাংবাদিক মোঃ মাইন উদ্দিন তাঁর ব্যবহৃত ফেসবুক আইডি থেকে সড়ক দুটির বেহাল দশা তুলে ধরে এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে একটি পোস্ট করেন। তাঁর পোস্টে তিনি লিখেছিলেন, “কারোর মেরুদণ্ড ভেঙ্গে যাওয়ার আগেই কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ডুমরাকান্দা হইতে ফরিদপুর আনন্দ বাজার হয়ে নাপিতেরচর খেয়াঘাট পর্যন্ত- এবং আলালপুর হইতে খিদিরপুর হয়ে বড় ছয়সূতী চকবাজার পর্যন্ত সড়ক দুটির ভাঙ্গা-টাঙ্গা ঠিকঠাক করা অত্যন্ত জরুরি। জনস্বার্থে উল্লেখিত সড়ক দুটি উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

তাঁর পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নজর কাড়লেও দীর্ঘদিনেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে বিষয়টি নজরে এলে কুলিয়ারচর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও আসন্ন কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শহীদ উদ্দিন বাবুল এগিয়ে আসেন। তিনি গতকাল ৮ অক্টোবর বৃহস্পতিবার স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সাথে নিয়ে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে মধ্য সালুয়া চক বাজারের উত্তর পাশে পানি জমে থাকা বেহাল সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করে দেন।

এ ব্যাপারে মোঃ শহীদ উদ্দিন বাবুল সাংবাদিকদের বলেন, সাংবাদিক মাইন উদ্দিন ভাইয়ের ফেসবুক পোস্টের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের চরম দুর্ভোগের বিষয়টি আমার নজরে আসে। দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষ ও যানবাহন চালকদের চরম কষ্ট পোহাতে হচ্ছিল। জনগণের এই কষ্ট দেখে আমি আর চুপ করে থাকতে পারিনি। রাজনৈতিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই নিজস্ব অর্থায়নে রাস্তাটি প্রাথমিক চলাচলের উপযোগী করে দেওয়ার সিদ্ধান্ত নিই। ভবিষ্যতেও কুলিয়ারচরের যেকোনো জনকল্যাণমূলক কাজে আমি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করব।

সড়ক মেরামত হওয়ায় সন্তোষ প্রকাশ করে এলাকাবাসীর পক্ষে একাধিক স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে আমাদের প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে থাকতে হতো। বিশেষ করে রোগী, বৃদ্ধ ও শিক্ষার্থীদের যাতায়াতে সীমাহীন কষ্ট হতো। পোস্ট দেখার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর না দিলেও শহীদ উদ্দিন বাবুল ভাই উদ্যোগ নিয়ে নিজস্ব খরচে রাস্তাটি ঠিক করে দিয়েছেন। এতে আমাদের সাময়িক ভোগান্তি অনেকটাই কমেছে। আমরা তাঁর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানাই। এ সময় সালুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং সালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাদেকুর রহমান (মানবিক সাদেক) ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সড়ক সংস্কার কাজে সহযোগিতা করেন।