নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের গৌরীপুরে দুই বছরের শিশু ওয়াসকুরুনি ইসলাম হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সৎমা আকলিমা আক্তার। সতিনের সন্তান হওয়ায় শিশুটিকে নিজের পথের বাধা মনে করে বিষ পান করিয়ে হত্যা করেছেন বলে তিনি আদালতকে জানিয়েছেন।

শুক্রবার ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন আকলিমা। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার গৌরীপুর উপজেলার বীরপুর দত্তবাড়ি গ্রামে শিশু ওয়াসকুরুনিকে বিষ পান করানো হয়। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর শিশুটির মা শেফালী বেগম লিখিত অভিযোগ করলে পুলিশ মামলা গ্রহণ করে। পরে শিশুটির বাবা আবদুল কাদির ও সৎমা আকলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, জবানবন্দিতে আকলিমা জানিয়েছেন যে, সতিনের ছেলে হওয়ায় শিশুটিকে নিজের ‘পথের কাঁটা’ মনে করতেন তিনি। এ কারণে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেন।

এদিকে শিশুটির মা অভিযোগ করেছেন, হত্যার পর তাঁকে না জানিয়ে সৎমাকে আসল মা পরিচয় দিয়ে হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গোপনে দাফনের চেষ্টা করা হয়েছিল। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।

পুলিশ জানিয়েছে, ঘটনার আরও বিস্তারিত জানতে শিশুটির বাবা আবদুল কাদিরকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।