নিজস্ব প্রতিবেদক:
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানের সময় কোস্টগার্ড সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে জেলেদের বিরুদ্ধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ড ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনায় দুই জেলেকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার অন্তর্বাম এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন সালাহউদ্দিন চৌকিদার ও শাহ আলম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে কয়েকটি ইঞ্জিনচালিত নৌকায় মাছ ধরার সময় জেলেদের বাধা দিলে একপর্যায়ে তারা কোস্টগার্ড সদস্যদের ওপর চড়াও হয়। পরে ঘটনাস্থলে মৎস্য বিভাগ ও নৌ পুলিশের সদস্যরা পৌঁছালে তাঁদের বহনকারী স্পিডবোট লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
হিজলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, হামলার ফলে স্পিডবোটের সামনের কাচ ও হর্ন ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ড সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে এবং ধাওয়া করে দুই জেলেকে আটক করে।
অভিযানকালে প্রায় দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত বুধবার মধ্যরাত থেকে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত দেশের নদ-নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুত নিষিদ্ধ থাকবে।