বরিশাল নগরীতে এক অনুষ্ঠানে ১ হাজার ১০০ খুদে শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দেওয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে নগরীর পশালপুরে দলিল উদ্দিন বালিকা বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড। এতে বরিশাল সদর এলাকার ৬০টি মক্তবের শিক্ষার্থীরা অংশ নেয়।
আয়োজকেরা জানান, এসব শিক্ষার্থী সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি প্রতিদিন ভোরে মক্তবে কোরআন শিক্ষা নেয়। বর্ণিল এ আয়োজনে তাদের কোরআন পড়ার আনুষ্ঠানিক পাঠদান বা সবক প্রদান করা হয়।
অনুষ্ঠানে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতিমা আক্তার বলে, ‘আমি এখন নিজে নিজে কোরআন পড়তে পারি। নিজের কোরআন পেয়ে অনেক ভালো লাগছে।’
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমান বলে, ‘প্রতিদিন ভোরে মক্তবে এসে পড়ি। বড় হয়ে পুরো কোরআন শিখতে চাই।’
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, স্কুলের পড়াশোনার পাশাপাশি সন্তানেরা কোরআন শিখছে, এটি তাঁদের জন্য বড় প্রাপ্তি। শৈশব থেকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা শিশুদের জীবন গঠনে ভূমিকা রাখতে পারে।
খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা পরিচালক বখতিয়ার হোসাইন সরদার বলেন, বরিশাল সদর ও আশপাশের ৬০টি মক্তবের ১ হাজার ১০০ শিক্ষার্থীকে কোরআন শরিফের সবক দেওয়া হয়েছে। শৈশব থেকেই ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা শিশুদের ইতিবাচকভাবে বেড়ে উঠতে সহায়তা করতে পারে।
বোর্ড সূত্রে জানা গেছে, ‘সুবাহী মক্তব’ কর্মসূচির আওতায় দেশের ৩৬টি জেলায় প্রায় ছয় হাজার মক্তব পরিচালিত হচ্ছে। ১৯৯৬ সাল থেকে এসব মক্তবে শিশুদের কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। চলতি বছর এসব মক্তবে ২ লাখ ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নিয়মিত পরীক্ষায় ৪৫ হাজার শিক্ষার্থী আমপারা পরীক্ষায় অংশ নেয়। অক্টোবর মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে একযোগে কোরআন সবক প্রদান অনুষ্ঠান চলছে। বরিশালের আয়োজনও এ কর্মসূচির অংশ।