মহান বিজয় দিবসকে সামনে রেখে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ আন্তর্জাতিক ম্যারাথন’। “এক দৌড়, এক হৃদয়, এক বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং অ্যাথলিট স্পোর্টস গিয়ারের আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

শনিবার রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. মাহবুবুল আলম।

আয়োজকরা জানান, আগামী ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ আয়োজন চলবে। ১৪ ডিসেম্বর অংশগ্রহণকারী দৌড়বিদদের মধ্যে কিট বিতরণ করা হবে। ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কনসার্ট ও ড্রোন শো। আর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ভোরে রাজধানীর ৩০০ ফিট সড়কে মূল ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শিগগিরই অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে। প্রতিযোগিতায় দেশের সেরা রানারদের পাশাপাশি সার্কভুক্ত প্রতিটি দেশ থেকে অন্তত পাঁচজন করে আন্তর্জাতিক দৌড়বিদ অংশ নেবেন। এ ছাড়া বিশ্বখ্যাত কয়েকজন ম্যারাথন দৌড়বিদ অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এই আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বপরিমণ্ডলে আরও পরিচিত করে তুলবে এবং তরুণদের সুস্থ ও সক্রিয় জীবনধারার প্রতি উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠানে জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় তপু বর্মন, শেখ মোরসালিনসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।