চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপানের রাজধানী টোকিও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হবে।
শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকগুলোতে মেট্রোরেল প্রকল্পে সহযোগিতা, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করাও সফরের আলোচ্যসূচিতে থাকতে পারে।
বিশ্লেষকদের মতে, জাপান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হওয়ায় এ সফর দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে।