দল-মত বা অঞ্চলভিত্তিক নয়, দেশের প্রতিটি উপজেলার মানুষের জন্য সমান উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে সমবায় ভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে। কোনো এলাকার জন্য বিশেষ সুবিধা দিয়ে অন্য অঞ্চলকে বঞ্চিত করা যাবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে সবার জন্য সমান সুযোগ ও উন্নয়ন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তারা শুধু প্রশাসনিক দায়িত্ব পালন করেন না, তারা দেশের ১৮ কোটি মানুষের সেবায় নিয়োজিত। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা সমন্বয়ের বিষয়টি সরকার বিবেচনা করছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সেটিই হতে হবে সবার প্রধান লক্ষ্য।

নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গ তুলে ড. মঈন খান বলেন, প্রচলিত জ্বালানির উৎস সীমিত হয়ে আসায় সৌরশক্তির ব্যবহার বাড়ানো জরুরি। সৌরবিদ্যুতের সম্প্রসারণ ব্যয় সাশ্রয়ের পাশাপাশি দেশের মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, পল্লী উন্নয়ন ও সমবায় খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সমবায় সমিতিগুলোকে আরও জনকল্যাণমুখী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, অদূর ভবিষ্যতে সৌরবিদ্যুৎ উৎপাদন একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। ইতোমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও হাটবাজারে সৌরপ্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, সৌরপ্যানেল স্থাপন ও সংশ্লিষ্ট সেবা ক্রয়ের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অনুকূলে ৩৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।