ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলমান আন্দোলন ঘিরে রাজধানী দিল্লিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার সঙ্গে দলের কয়েকজন সাংসদকেও আটক করা হয়েছে।
শনিবার দিল্লিতে আন্দোলনকারীদের সমর্থনে কর্মসূচিতে অংশ নিতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তিনি সাউথ অ্যাভিনিউ এলাকায় দলীয় সাংসদদের নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।
তৃণমূল কংগ্রেসের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাসভবন থেকে বের হতে বাধা দেওয়া হয়েছিল। প্রতিবাদ হিসেবে তিনি সাংসদদের নিয়ে সড়কে অবস্থান নেন। দলের নেতারা অভিযোগ করেন, আন্দোলন দমনে দিল্লি পুলিশ ব্যাপক ধরপাকড় চালিয়েছে।
আটকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মমতা বলেন, তরুণদের আন্দোলনের প্রতি সংহতি জানাতেই তারা কর্মসূচিতে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু বহু আন্দোলনকারী ও রাজনৈতিক কর্মীকে আটক করা হয়েছে এবং নির্ধারিত কর্মসূচিস্থলে প্রবেশ করতে দেওয়া হয়নি।
তিনি পুলিশের ভূমিকার সমালোচনা করে দাবি করেন, আটক ব্যক্তিদের বাসে তুলে দীর্ঘ সময় ধরে বিভিন্ন এলাকায় ঘোরানো হচ্ছে। একই সঙ্গে আন্দোলনকারীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।