ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক বিধায়ক বিক্রম সিংয়ের মেয়ে যশস্বিনী রাজে সিংকে আটক করেছে পুলিশ। একটি পার্কে বসে থাকার সময় তাকে আটক করা হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়, শনিবার (১০ অক্টোবর) থানা থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে যশস্বিনী লেখেন, ‘বাংলা সাহিবের কাছে পার্কে বসে থাকার কারণে আটক করা হয়েছে। বর্তমানে কেশব পুরম থানায় রাখা হয়েছে আমাকে।’
নির্বাচন কমিশনের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের পরিকল্পনা করেছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিজুড়ে বহু নেতাসহ দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
বিক্ষোভ মোকাবিলায় রাজধানীতে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের চলাচল সীমিত করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যারিকেড ও স্পাইক স্ট্রিপ বসানো হয়।
কে এই যশস্বিনী রাজে সিং? যশস্বিনী রাজে সিং উত্তর প্রদেশের ফতেহপুর সদর আসনের সাবেক বিজেপি বিধায়ক বিক্রম সিংয়ের মেয়ে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জুন ও জুলাইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে যোগ দিয়েছিলেন তিনি। সে সময় বিক্ষোভকারীরা তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। ওই বিক্ষোভের সময় যশস্বিনী সিজেপির আন্দোলনকে সক্রিয়ভাবে সমর্থন করেছিলেন।