মধ্য এশিয়ার মুসলিম প্রধান দেশ আজারবাইজানের স্কুলে শিক্ষার্থীদের হিজাব পরিধানের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। হিজাব বাদ দিয়ে দেশটির মন্ত্রিসভার স্কুল ইউনিফর্ম ও শিক্ষকদের পোশাক সংক্রান্ত নতুন নিয়ম চালুর প্রতিবাদে ইতোমধ্যে ক্লাস বর্জন করেছে কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা।
গণমাধ্যমের খবরে বলা হয়, নতুন স্কুল পোশাকবিধির প্রতিবাদে অনশন শুরু করেছেন কারাবন্দি সাংবাদিক পোলাদ আসলানোভও। গত ২১ সেপ্টেম্বর দেশটির মন্ত্রিসভা স্কুলের পোশাকবিধিতে পরিবর্তন আনে। পাশাপাশি শিক্ষকদের পোশাক নিয়েও নতুন নিয়ম চালু করা হয়।
বাকু সিটি শিক্ষা বিভাগ জানিয়েছে, সরকারি স্কুলগুলোতে নতুন নিয়ম কীভাবে বাস্তবায়ন করা হচ্ছে, তা পর্যবেক্ষণ শুরু করবে তারা। নতুন বিধিনিষেধের সমালোচনা করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাদের অভিযোগ, হিজাব পরা মেয়েদের শিক্ষার অধিকার সীমিত করছে এসব পদক্ষেপ।
মেইদান টিভির প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, বাকুর ৬৯ নম্বর স্কুল এবং মাসাল্লি জেলার মোল্লাওবা গ্রামের বি শিরিয়েভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসে যাওয়া বন্ধ করে দিয়েছে। হিজাব পরা সহপাঠীদের স্কুলে ফিরতে দেয়ার দাবিও জানিয়েছে তারা।
কারাবন্দি সাংবাদিকের অনশন সংবাদমাধ্যম খেবারমানের প্রধান পোলাদ আসলানভ বৃহস্পতিবার ঘোষণা দেন, নতুন বিধিনিষেধের প্রতিবাদে তিনি অনশন শুরু করেছেন। তার স্ত্রী গুলমিরা আসলানোভা ফেসবুকে এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আসলানভকে ১৫ নম্বর কারাগারে রাখা হয়েছে। আসলানভ উল্লেখ করেন, স্কুলে হিজাব পরা শিক্ষার্থীদের প্রবেশে বাধা এবং শিক্ষকদের পোশাকের ওপর বিধিনিষেধের বিষয়টি সবার নজরে আনতেই তিনি অনশন করছেন। তার নিজের সন্তানের শিক্ষার অধিকারও সীমিত করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘আমি ঘোষণা করছি, নিজের সন্তান এবং যেসব হিজাব পরা শিক্ষার্থীর শিক্ষার অধিকার সীমিত করা হচ্ছে, তাদের অধিকার রক্ষায় আমি অনশন শুরু করেছি। একই সঙ্গে যেসব হিজাব পরা নারী শিক্ষককে শিক্ষা ও হিজাব পরার মধ্যে যেকোনো একটি বেছে নিতে বাধ্য করা হচ্ছে, তাদের অধিকার রক্ষার জন্যও আমি অনশন করছি।’ ২০১৯ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হন আসলানভ। প্রথমে তাকে ১৬ বছরের কারাদণ্ড দেয়া হলেও পরে সাজা কমিয়ে ১৩ বছর করা হয়। তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, সাংবাদিকতার কাজের কারণে তাকে শাস্তি দেয়া হচ্ছে।
শিক্ষিকাকে বরখাস্ত এদিকে বাকুর রিচার্ড সর্জে মাধ্যমিক বিদ্যালয়ের ৯০ নম্বর শাখার হিজাব পরা এক শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে মেইদান টিভি। সংবাদমাধ্যমটির প্রকাশিত ভিডিওতে ওই শিক্ষিকাকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় শিক্ষার্থীদের।
সূত্র: আল জাজিরা ও ওসি মিডিয়া