জেলার ছাগলনাইয়া ও জোরারগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা মূল্যের দেড় শতাধিক বোতল ভারতীয় মদ ও অর্ধ শতাধিক গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার ভোরে জেলার ছাগলনাইয়া ও জোরারগঞ্জ সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার ছাগলনাইয়া ও জোরারগঞ্জ সীমান্ত এলাকায় আজ ভোরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে দেড় শতাধিক বোতল ভারতীয় মদ এবং অর্ধ শতাধিক গরু জব্দ করা হয়। অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. হাসিবুল ইসলাম পিএসসি বাসসকে বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।’ তিনি আরও বলেন,‘সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’