ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশন (এসপিএফ)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাকে সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি প্রদান করা হবে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তনে সভাপতিত্ব করবেন। এছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে আজ বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ৫৪ তম সমাবর্তনের কার্যক্রম প্রণয়নের জন্য এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ সমাবর্তনে ২০ নভেম্বর ২০২২ তারিখ থেকে ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফল অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তগণ অংশগ্রহণ করতে পারবেন। সমাবর্তনে অংশগ্রহণকারীদের আবেদন কার্যক্রম আগামী ০১ নভেম্বর ২০২৬ তারিখ থেকে শুরু হয়ে শেষ হবে ৩০ নভেম্বর ২০২৬ তারিখে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্টফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হবে। একাডেমিক কাউন্সিলের সুপারিশের আলোকে সিন্ডিকেটের এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট ও সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন এবং এ. কে. এম. ফজলুল হক মিলন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।