জেলায় আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম। সুষ্ঠুভাবে এ কার্যক্রম পরিচালনায় জেলার ৯ জন সুপারভাইজার এবং ১১৬ জন তথ্য সংগ্রহকারীর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হচ্ছে।

সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক নূর মোহাম্মদ বাসসকে জানান, আগামীকাল থেকে জেলার সাত উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ এবং দুইটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড পর্যায়ে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে।

নির্বাচিত ৮টি ইউনিয়নের মধ্যে রয়েছে, নাটোর সদর উপজেলার তেবাড়িয়া, নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া, লালপুর উপজেলার ওয়ালিয়া, বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর, সিংড়া উপজেলার শেরকোল, বড়াইগ্রাম উপজেলার জোয়ারী, গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ও চাপিলা ইউনিয়ন এবং নাটোর ও গুরুদাসপুর পৌরসভা।

নির্ভূলভাবে তথ্য সংগ্রহের কার্যক্রম পরিচালনার জন্যে গতকাল শনিবার জেলার চারটি স্থানে মোট ৯ জন সুপারভাইজার এবং ১১৬ জন তথ্য সংগ্রহকারীর দুই দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ আজ শেষ হচ্ছে।

সিংড়া উপজেলার প্রশিক্ষণ কর্মশালায় সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারীদের ট্যাব হস্তান্তর করেন, নাটোর-৩ আসনের (সিংড়া) সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।