জেলার দুর্গম উপজেলা সাজেকের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী।
বাঘাইহাট জোনের আওতাধীন করেঙ্গাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে আজ রোববার সকাল থেকে জারুলছড়ি এলাকার ‘নতুন দোকান’ নামক স্থানে এ চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করে সেনাবাহিনী।
চিকিৎসাসেবা প্রদানকালে উপস্থিত ছিলেন, করেঙ্গাতলী ক্যাম্প কমান্ডার মেজর নাহিদ বিন হাফিজ, বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিবসহ অন্যান্য সেনাকর্মকর্তারা।
এ সময় করেঙ্গাতলী ক্যাম্প কমান্ডার মেজর নাহিদ বিন হাফিজ বাসসকে বলেন, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ মেডিকেল ক্যাম্পে দুর্গম এলাকার শিশু, নারী ও বয়োবৃদ্ধসহ শতাধিক রোগীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসাসেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।