ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের চেকপোস্টে একটি মটরসাইকেল থামানোর পর তল্লাশি চালিয়ে মিলেছে বিপুল পরিমাণ মাদক। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ৪ নভেম্বর রাত ৮ টা ২০ মিনিটে উপজেলার সোনারামপুর এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেলটি আটক করে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল।
পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেল থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নরসিংদী সদর উপজেলার যাইটের পাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে মোঃ ইয়াসিন প্রকাশ সোহাগ এবং বেলাবো উপজেলার বীরবাঘবেড় এলাকার মৃত ফজলুল হকের ছেলে মোঃ জীবন মিয়া।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।