হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে পরিচালিত করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ করাতকলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ জব্দ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মুহাম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার বিভিন্ন স্থানে স্থাপিত অবৈধ করাতকলগুলোতে অভিযান চালিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থ রক্ষা এবং অবৈধভাবে পরিচালিত করাতকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মুহাম্মদ বাহুবল উপজেলায় যোগদানের প্রায় ছয় মাসের মধ্যে বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করেছেন। তাঁর নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা দৃশ্যমান হয়েছে।