চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন নিমতলা ফ্লাইওভার চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নিমতলা ফ্লাইওভার চেকপোস্ট বক্সের সামনে সড়কে চেকপোস্ট ডিউটির সময় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন রাশেদুল ইসলাম ওরফে রফিকুল ইসলাম ওরফে আজাদ (৪৫)। পুলিশ জানায়, তাঁর কাছ থেকে একটি কালো রঙের কাঁধব্যাগ ও ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তত্ত্বাবধানে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই ইমরান ফয়সালসহ পুলিশের একটি দল অংশ নেয়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।