জমি সংক্রান্ত বিরোধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ভিকটিম মুরাদের চাচা টিবলুর কাছ থেকে ৪ শতক জমি ক্রয় করে সাব্বির সেখানে ঘর নির্মাণ করতে গেলে মুরাদের পরিবারের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। পাশাপাশি, বিগত সরকারের আমলে সাব্বিরের সঙ্গে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাদের কিছু ছবি মুরাদের ভাই মানিকের কাছে ছিল। এসব ছবি ব্যবহার করে মানিক সামাজিক যোগাযোগমাধ্যমে সাব্বিরকে ফ্যাসিস্ট আখ্যায়িত করে প্রচারণা চালিয়ে আসছিল। ঘটনার দিন এ নিয়ে সাব্বির ও মানিকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে মানিক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে সাব্বির তার ভাই মুরাদের ওপর হামলা চালায়।
গত ১৪ নভেম্বর আনুমানিক সন্ধ্যা ৭ টায় রাউজান থানাধীন নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া আমিন মার্কেটের মা স্টোর নামীয় দোকানের অভ্যন্তরে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ভিকটিম মোঃ সাইফুদ্দিন মুরাদ, পিতা-শামসুদ্দিন সওদাগর, সাং-পটিয়াপাড়া, থানা-রাউজান, চট্টগ্রামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায় অভিযুক্ত সাব্বির হাসান।
গত ১৫ নভেম্বর দুপুর ২ ঘটিকায় রাউজান থানাধীন পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকায় নোয়াপাড়া-গুজরা এসআই (নিরস্ত্র) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে রাউজান থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে অভিযুক্ত সাব্বির হাসানকে গ্রেফতার করেন। গ্রেফতারের সময় তার দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরি এলজি, ১টি দেশীয় তৈরি রিভলবার ও ২টি কার্তুজ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ রাত ০০:২৫ ঘটিকায় রাউজান থানাধীন নোয়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পটিয়াপাড়া এলাকায় তার বসতবাড়িতে রান্নাঘরের সানসেটের ওপর একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে আরও ১টি দেশীয় তৈরি এলজি, ৫টি কার্তুজ, ২টি চাপাতি, ৪টি বড় ছোরা, ২টি ছোট ছোরা এবং ২টি টিপ চাকু উদ্ধার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত টিপ চাকুর একটি দিয়ে ভিকটিম সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাত করা হয়েছিল।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিবরণ: দেশীয় তৈরি এলজি ২টি, দেশীয় তৈরি রিভলবার ১টি, কার্তুজ ৭টি, চাপাতি ২টি, বড় ছোরা ৪টি, ছোট ছোরা ও ২টি টিপ চাকু ২টি।
এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে সর্বমোট ৬টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।