বরগুনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. সফিকুল ইসলাম নাজমুল (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরগুনা।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত বরগুনা সদর থানাধীন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সদর রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর রোডে পৌরসভার পশ্চিম পাশে নদীবন্দরের সামনে মৌবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উত্তর পাশের পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি বাজারের ব্যাগের ভেতরে নীল রঙের পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক কারবারে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো. সফিকুল ইসলাম নাজমুল বরগুনা জেলার বেতাগী উপজেলার বেতাগী পৌরসভার কিসমত করুনা এলাকার বাসিন্দা। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় বরগুনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরগুনার উপপরিচালক মো. হামিমুর রশীদ জানান, অবৈধ মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।