নওগাঁ জেলার নিয়ামতপুরে চেকপোস্ট বসিয়ে দেশীয় অস্ত্র, দড়ি এবং ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) মধ্যরাতে উপজেলার ৩নং ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ দল গাবতলী বাজার এলাকায় নিরাপত্তা টহল, তল্লাশি ও চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ৮ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে পিকআপযোগে নিয়ামতপুরের দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট আরও জোরদার করা হয়। একপর্যায়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মাহবুবের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় চক্রের অপর ৩–৪ জন সদস্য কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন—নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে মোঃ রেজাউল করিম ওরফে লসিমন (৫০), বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার (ইয়ার্ড কলোনী) এলাকার বাবু মিয়ার ছেলে (পালক পিতা বাচ্চু মিয়া) মোঃ সাগর এবং নওগাঁ সদর উপজেলার চক গোয়ালী গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ রিমন হোসেন (২৩)। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র, দড়ি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং এর আগে রাজশাহী, নাটোর ও নওগাঁসহ বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে—রেজাউল করিম ওরফে লসিমনের বিরুদ্ধে চুরি-ডাকাতির ৮টি, সাগরের বিরুদ্ধে চুরি-ডাকাতি ও মাদকসহ ৫টি এবং রিমন হোসেনের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।
পলাতক অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।