প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ অনুদানের অর্থায়নে এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপির ব্যক্তিগত তহবিল থেকে হাটহাজারী উপজেলার মনাই ও সোনাই ত্রিপুরা পল্লীর অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রিপুরা পল্লীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার পাহাড় ও সমতলের সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানে এবং আমাদের ব্যক্তিগত প্রচেষ্টায় ত্রিপুরা পল্লীর শিক্ষার্থী যাতে শিক্ষা থেকে ঝরে না পড়ে, নারীরা যাতে স্বাবলম্বী হয় এবং একটি পরিবারও যাতে গৃহহীন না থাকে, সেজন্যই এই উদ্যোগ। পর্যায়ক্রমে হাটহাজারীর সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এই সহায়তার আওতায় আনা হবে।”

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ত্রিপুরা পল্লীর উপকারভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে উপকারভোগীদের মাঝে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়।