শিশু, কিশোর ও তরুণ প্রজন্মকে নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষায় ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেছেন বক্তারা।

জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে গতকাল মেহেরপুর পৌরসভার কালাচাঁদ সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি ও আহ্বান জানানো হয়। ‘ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধকরণ: শিশু ও তরুণদের রক্ষা করুন’ এবং ‘স্থানীয় সরকার গাইডলাইন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের করণীয়’ শীর্ষক এই সভার আয়োজন করে সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ তামাক বিরোধী জোট।

সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. মইনুল আলমের সভাপতিত্বে এবং স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, তামাকজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে শিশু, কিশোর ও তরুণ প্রজন্মকে নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা জরুরি। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, তামাক নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ এবং বিদ্যমান আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। এক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা গেলে তামাক ও নিকোটিনমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব।