ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী যানজট ছাড়াই মহাসড়কটি পরিষ্কার করা সম্ভব হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মহাসড়কের ওপর একটি গাছ কেটে ফেলে রাখে দুর্বৃত্তরা।
এতে ব্যস্ততম এই মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।গজারিয়া ফায়ার স্টেশন অফিসার ফিরুজ মিয়া জানান, রাত ৩টা ১৫ মিনিটে ফায়ার স্টেশনের জরুরি নম্বরে এ সংক্রান্ত একটি ফোন কল আসে।
খবর পাওয়ার পরপরই গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মহাসড়কের ওপর পড়ে থাকা গাছটি কেটে সরিয়ে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন আমরা খবর পাই ফিদা ফিল্ম ষ্টেশনের সামনে একটা গাছ কেটে ফেলে রাখে পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস একসাথে হয়ে গাছ মহাসড়ক থেকে সরিয়ে দেই এবং যান চলাচল স্বাভাবিক হয়।