সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে নিজেকে ও পরিবারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টার অভিযোগ তুলেছেন মুন্সীগঞ্জের গজারিয়ার এক ভুক্তভোগী নারী। এ ঘটনায় তার স্বামী রাজিব বসাকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
ভুক্তভোগী ওই নারীর নাম শিল্পী রাণী (২৬)। তিনি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের নাজিরচর গ্রামের শুবল মণ্ডলের মেয়ে।
পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর এলাকার মন্টু বসাক ও পারুল বসাকের ছেলে রাজিব বসাকের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন শিল্পী রাণী। তাঁদের দাম্পত্য জীবনে দুটি সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই রাজিব বসাক যৌতুকের দাবিতে শিল্পী রাণীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। পাশাপাশি নিয়মিত মাদক সেবন করে রাতে বাড়িতে ফিরে মারধর করার মতো অভিযোগও করেছেন ভুক্তভোগী।
শিল্পী রাণীর দাবি, পারিবারিক এসব বিষয়ের জেরে সাম্প্রতিক সময়ে রাজিব বসাক সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছেন। এতে করে তাঁর ও তাঁর সন্তানদের নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
অভিযোগের বিষয়ে রাজিব বসাকের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী ও সচেতন মহলের মতে, পারিবারিক বিরোধ বা যেকোনো বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার না চালিয়ে আইনি ও সামাজিকভাবে সমাধানের পথ নেওয়া উচিত। ভুক্তভোগী পরিবার এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রতিকারের দাবি জানিয়েছে।