নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে মাদকদ্রব্য সেবন করে জনশান্তি বিনষ্টের অভিযোগে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগর এলাকায় সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালিত এ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে, একই দিন বিকেল ৪টার দিকে দুর্গাপুর পৌর এলাকার চর মোক্তারপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য সেবন করে জনশান্তি বিনষ্ট করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সালমান (১৮) নামের একজনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং রফিকুল (৪৫) নামের অপর একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উভয় অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। অবৈধ বালু উত্তোলন ও মাদকবিরোধী এসব অভিযানের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, পরিবেশ সুরক্ষা এবং জনশান্তি বজায় রাখার বিষয়ে প্রশাসনের তৎপরতার বিষয়টি উঠে এসেছে।