নওগাঁর মহাদেবপুরে ১২০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. সাকিব ওরফে সাকু (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাতাজীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুর ১টা ১০ মিনিটে উপজেলার রাইগাঁ ইউনিয়নের কানোচকুড়ি মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. সাকিব ওরফে সাকু মহাদেবপুর থানার আতুড়া মাস্টার পাড়া এলাকার মো. বেলালের ছেলে এবং তার মায়ের নাম মোসা. রেনুকা। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাতাজীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল মহাদেবপুর থানাধীন রাইগাঁ ইউনিয়নের কানোচকুড়ি মোড়ে অবস্থিত জনৈক জুয়েলের বন্ধ চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে।
এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১২ পাতা (মোট ১২০ পিস) মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।