জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নারী স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে নওগাঁ জেলা পুলিশের পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে একটি সফল ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ই নভেম্বর সকালে আয়োজিত এই জনগুরুত্বপূর্ণ কর্মসূচিতে নারী পুলিশ সদস্য ও পুলিশ পরিবারের নারী সদস্যরা এইচপিভি (HPV) ভ্যাকসিন গ্রহণ করেন।
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মহোদয়ের সহধর্মিণী মিসেস শামীম আরা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মহোদয়ের সহধর্মিণী মিজ্ মুর্শিদা হক মুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মোসা. আমিনা ফেরদৌস।
ক্যাম্পেইনে পুলিশ সদস্য ও পুলিশ পরিবারের মোট ৮৬ জন নারী সদস্য জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, জরায়ুমুখের ক্যান্সার নারীদের জন্য একটি অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা হলেও সময়মতো এইচপিভি (HPV) টিকা গ্রহণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এটি অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব। এই ভ্যাকসিন জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে একটি বৈজ্ঞানিক ও অত্যন্ত কার্যকর উপায়।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপনকালে সভাপতি ও কমিউনিটি মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. মোসা. আমিনা ফেরদৌস বলেন, বাংলাদেশে নারীদের স্বাস্থ্য সুরক্ষা, মাতৃস্বাস্থ্য উন্নয়ন এবং ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ। বিশেষ করে কিশোরী ও নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং টিকার সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি। তিনি এমন সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য নওগাঁ জেলা পুলিশ ও পুনাককে ধন্যবাদ জানান।