সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ৩ লাক্ষ টাকা পুরস্কার মূল্যের চার দলীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬, সিজন-২-এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় প্রতাপনগরে উৎসবমুখর পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ইমরান একাডেমী পিরোজপুর ফুটবল একাদশ ও এস এম ফুটবল একাডেমী সাতক্ষীরা একাদশ।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ১-০ গোলের ব্যবধানে এস এম ফুটবল একাডেমী সাতক্ষীরা একাদশকে পরাজিত করে জয়লাভ করে ইমরান একাডেমী পিরোজপুর ফুটবল একাদশ।
খেলা উপভোগ করতে মাঠে ফুটবলপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস।
খেলায় সভাপতিত্ব করেন প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, ইউপি সদস্য পদপ্রার্থী ও সাবেক যুবদল নেতা আব্দুল খালেক গাজী, প্রতাপনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কেরামত আলী মোড়ল, মল্লিক আলমঙ্গীর, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা।
টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন তালতলা বাজারের মেম্বর বুলি মোবাইল শপের আব্দুল মালেক সহ শামসুদ্দিন, ফিরোজ (তারেক) হাসানুল বান্না প্রতাপনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন হাসান, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলার প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম। সহকারী পরিচালক ছিলেন রাহুল সরকার ও উত্তম কুমার মন্ডল। খেলায় ধারাভাষ্য প্রদান করেন আশরাফ হোসেন ও নাঈম হোসেন। তাঁদের প্রাণবন্ত ধারাভাষ্যে পুরো খেলার পরিবেশ আরও উপভোগ্য হয়ে ওঠে।
আয়োজকেরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং এলাকায় ক্রীড়াচর্চার প্রসার ঘটানোর লক্ষ্যে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টের পরবর্তী খেলা উপভোগ করতে ফুটবলপ্রেমী দর্শক ও ক্রীড়ানুরাগীদের মাঠে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।