নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতন ও বিভিন্ন দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে।
বুধবার (আজ) ফতুল্লার কাঠেরপুল ও এর আশপাশের এলাকায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুরো এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে ক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বকেয়া বেতন পরিশোধসহ একাধিক দাবিতে ফতুল্লার কাঠেরপুল এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে এসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে উত্তেজনার সৃষ্টি হয় এবং পুলিশের ওপর ইট-পাটকেল ছুঁড়তে শুরু করেন শ্রমিকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক ও পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। টিয়ার গ্যাসের কটু গন্ধে ও ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে কাঠেরপুল এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ফতুল্লা ও কাঠেরপুল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।