নারায়ণগঞ্জের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম 'তৃতীয় শীতলক্ষ্যা সেতু'র (বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান সেতু) নিরাপত্তা বর্ডার ও মধ্যবর্তী সড়ক ডিভাইডারগুলো একে একে ভেঙে পড়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ এই অবস্থার মধ্য দিয়েই প্রতিদিন অনবরত চলাচল করছে হাজার হাজার যানবাহন, যার ফলে যে কোনো মুহূর্তে বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন চলাচলকারী চালক ও যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুটির মাঝখানের সুরক্ষামূলক বর্ডার এবং রোড ডিভাইডারের বিভিন্ন অংশ ভেঙে নষ্ট হয়ে গেছে। রাতের অন্ধকারে বা দ্রুতগতিতে গাড়ি চলাচলের সময় ভাঙা বর্ডারগুলোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি মারাত্মক রূপ ধারণ করেছে। সেতুটিতে নিয়মিত যানবাহন চলাচল করলেও মেরামতের সুনির্দিষ্ট কোনো লক্ষণ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
নিয়মিত চলাচলকারী যানবাহনের চালকরা জানান, সড়ক ডিভাইডার ও পাশের বর্ডারগুলো মূলত গাড়িগুলো গতিপথ সঠিক রাখা এবং মুখোমুখি সংঘর্ষ এড়ানোর জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু বর্তমানে এগুলো ভেঙে অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় বিশেষ করে রাতে এবং বৃষ্টির সময় মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে।
সেতুটি দিয়ে যাতায়াতকারী যাত্রী ও স্থানীয় অধিবাসীরা অনতিবিলম্বে দুর্ঘটনাকবলিত ভাঙা অংশগুলো দ্রুত মেরামত করে সুরক্ষামূলক বর্ডার পুনর্নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।