নড়াইলের লোহাগড়া উপজেলায় সুপারি গাছ লাগানোকে কেন্দ্র করে হাসানুর শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই ও চাচাতো ভাইয়ের সস্তানদের বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসানুর শেখ ওই গ্রামের ছত্তার শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাড়ির পাশে লাগানো সুপারি গাছে পানি দিতে যান হাসানুর। এ সময় তার চাচাতো ভাই হাসদেল শেখ ওই গাছের ছায়া তার জমিতে পড়বে বলে আপত্তি জানান। সুপারি গাছ কেন লাগানো হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ নিয়ে দুজনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এর একপর্যায়ে হাসদেল শেখের ছেলে মামুন শেখ ও আরমান শেখ এবং মেয়ে তাসলিমা খানম দেশীয় অস্ত্র দিয়ে হাসানুরকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।