মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ব্যবহৃত ঐতিহাসিক প্রথম জিপ গাড়িটি দীর্ঘদিন পর উদ্ধার করা হয়েছে। এর ঐতিহাসিক গুরুত্ব ও ঐতিহ্য সংরক্ষণের অনন্য উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বর্তমানে গাড়িটি সর্বসাধারণের প্রদর্শনের জন্য গজারিয়া উপজেলা পরিষদের সামনে একটি নির্দিষ্ট স্থানে রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পুরোনো এই জিপ গাড়িটি উপজেলার একটি গ্যারেজে পড়ে ছিল। সম্প্রতি বিষয়টি প্রশাসনের নজরে আসার পর গাড়িটি উদ্ধার করে সযত্নে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। পরে প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতি শেষে তা প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
উপজেলা প্রশাসনের ইতিহাস ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে বিবেচিত হচ্ছে এই পুরোনো জিপটি। প্রশাসনের সংশ্লিষ্টরা মনে করছেন, এই গাড়িটি প্রদর্শনের মাধ্যমে এলাকার নতুন প্রজন্ম গজারিয়ার প্রশাসনিক ইতিহাস, ঐতিহ্য এবং অতীতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্মৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুবর্ণ সুযোগ পাবে। ঐতিহ্যের এমন দুর্লভ নিদর্শন সংরক্ষণ করায় স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।