মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া বাজার এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা ও ১৪ থেকে ১৫ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। রোববার (১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী স্বপন কর্মকার জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ৬ থেকে ৭ জন ব্যক্তি রামদা নিয়ে তাঁর পথ আটকে দাঁড়ায়। একপর্যায়ে তাঁকে জিম্মি করে সঙ্গে থাকা লক্ষাধিক টাকা এবং ১৪ থেকে ১৫ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুলশ খান পাঠান ঘটনাস্থল পরিদর্শন করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।