১৪ নভেম্বর ২০২৬, রোজ শনিবার সকাল ১১:০০ ঘটিকায় জেলা পরিষদ কনফারেন্স হল রুমে ‘নোঙর বাংলাদেশ’-এর হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এক সাংগঠনিক কর্মশালা ও সুতাং নদী পরিদর্শনের আয়োজন করা হয়।
নোঙর হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি ফজলুল কাদেরের সভাপতিত্বে এবং জেলা কমিটির সদস্য সচিব ফজলে রাব্বির সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান সুমন শামস।
প্রধান অতিথির বক্তব্যে সুমন শামস দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “হাল ছাড়ব না আমরা, যতক্ষণ বেঁচে থাকব আমরা।” তিনি নদী রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মশালায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন— বাংলাদেশ হাওর উন্নয়ন পরিষদের সভাপতি কাশ্মীর রেজা, লাখাই উপজেলার সমাজসেবা অফিসার নিপুন রায়, ধুলিয়াকাল গার্লস স্কুলের প্রধান শিক্ষক সেলিম আহমেদ, নোঙর কেন্দ্রীয় কমিটির সদস্য দিন মোহাম্মদ, বিশিষ্ট হোমিও চিকিৎসক ও সাংবাদিক এম এ জলিল, দৈনিক মানবজমিন-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও বিশিষ্ট সাংবাদিক রাশেদ আহমেদ খান, সাংবাদিক এম এ রাজা, এটিএম বাংলার হবিগঞ্জ প্রতিনিধি হালিম, নোঙর হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহবায়ক ফখরুল এনাম এবং জেলা কমিটির সদস্য আবুল বাশার জুম্মন, খলিলুর রহমান মাসুম, পারভেজ হাসান ও রবিউল হোসেন রবি প্রমুখ।
বক্তারা বলেন, এলাকার জনগণ যথেষ্ট সচেতন, আর সেই সচেতনতাকে কাজে লাগিয়ে আমাদের লাখাই উপজেলার সুতাং নদীকে রক্ষা করতে হবে। প্রাণ-আরএফএলসহ অলিপুরে গড়ে ওঠা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য ও নিষ্কাশিত ময়লা পানির দূষণ থেকে নদীটিকে রক্ষা করার এখনই সময়।
আলোচনা শেষে অতিথিবৃন্দ ও সংগঠনের কর্মীরা সুতাং নদী পরিদর্শন করেন।