সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ফেসবুক পেজ ও কয়েকটি গণমাধ্যমে জঙ্গল সলিমপুরের জমি-সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনের ভিডিও চট্টগ্রাম জেলা পুলিশের নজরে এসেছে। সংবাদ সম্মেলনে জনৈক মীর মো: হাসান দাবি করেন, তিনি ২০১৮ সালে জঙ্গল সলিমপুরে জমি ক্রয় করেছেন এবং তাঁর জমিতে বিজিবি ক্যাম্প স্থাপন করেছে। ক্যাম্প অপসারণের দাবিতে মানববন্ধন করায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার তাঁকে হুমকি দিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সুস্পষ্ট বক্তব্য হলো, তার প্রচারিত বক্তব্য মিথ্যা, বিভ্রান্তিকর, উদ্দেশ্যপূর্ণ ও কোন সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক প্ররোচিত হয়ে তিনি জনসম্মুক্ষে পুলিশের ভূমিকা কে বিতর্কিত করার জন্য এমন সংবাদ সম্মেলন করেছেন। তার বক্তব্য আক্রমণাত্মক, মানহানিকর ও হুমকি স্বরূপ যা যথাযথ অনুসন্ধানপূর্বক ষড়যন্ত্রে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্প্রতি মীর মোহাম্মদ হাসান ও আসিফুল ইসলাম তাঁদের ক্রয়কৃত জমিতে বিজিবির অবস্থানের কারণ জানতে এবং এ বিষয়ে সহযোগিতা চাইতে জেলা পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হন। জেলা পুলিশের কাছে থাকা ভূমি-সংক্রান্ত তথ্য ও তাদের দলিল পর্যালোচনায় তাঁদের দাবি করা জমির পরিমাণ, দলিলে উল্লিখিত দাগ এবং বাস্তবে তাঁদের দখলে থাকা জমির অবস্থানের মধ্যে উল্লেখযোগ্য অসংগতি লক্ষ্য করা যায়।
প্রাপ্ত তথ্য ও কাগজপত্র পর্যালোচনার পর তাঁরা এবং আরও অনেক সাধারণ মানুষ জঙ্গল সলিমপুরে জমি কেনাবেচার নামে প্রতারিত হয়েছেন বলে জানান। একপর্যায়ে তাঁরা তাঁদের জমির বিষয়ে বন্দোবস্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে কি না, সে বিষয়ে সহযোগিতা কামনা করেন। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের জানানো হয়, জমির প্রকৃত মালিকানা, দখল, সীমানা ও বন্দোবস্তের বিষয়টি নির্ধারণের জন্য জেলা প্রশাসন ও সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয় থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পরামর্শ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনকারী মীর মো. হাসান দাবি করেন, তিনি ২০১৮ সালে জঙ্গল সলিমপুরে ২১ শতক জমি ক্রয় করেছেন। অথচ তার দলিল অনুযায়ী, ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর বিএস ২০১ নং দাগে তিনি মাত্র ১ শতক জমির দলিলপ্রাপ্ত হন। ওই জমির নামজারি ও বাস্তব দখলও এখনো বুঝে পাননি বলে জানা যায়। একইভাবে, আসিফুল ইসলাম ২০১৭-১৮ সালে প্রায় ২৪ শতক জমি ক্রয়ের দাবি করলেও প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনিও একই তারিখে বিএস ২০১ নং দাগে মাত্র ৪ শতক জমির দলিলপ্রাপ্ত হন।
অন্যদিকে, তাঁদের দাবি অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকায় তাঁরা দীর্ঘদিন ধরে জমির দখলে থেকে পাহাড় কেটে সমতলকরণ ও বাউন্ডারি নির্মাণ করেছেন। প্রাথমিকভাবে তাঁদের দখলকৃত জমি বিএস ২০৩ নং দাগের সরকারি খাসজমি বলে জানা গেছে। ফলে জমি ক্রয় ও দখলের দাবির সঙ্গে দলিলের তারিখ, জমির পরিমাণ এবং দাগের মধ্যে উল্লেখযোগ্য অসংগতি পরিলক্ষিত হয়েছে।
জঙ্গল সলিমপুরের ভূমি বাস্তবতা ও সরকারি উন্নয়ন কার্যক্রম
জঙ্গল সলিমপুর একটি গুরুত্বপূর্ণ পাহাড়ি ও খাসজমি অধ্যুষিত এলাকা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ এলাকার মোট জমির প্রায় ৯০ শতাংশই সরকারি খাসজমি। দীর্ঘদিন ধরে এখানে কিছু অপরাধী চক্রের বিরুদ্ধে সরকারি জমি অবৈধভাবে দখল, পাহাড় কাটা, পরিবেশ ধ্বংস এবং জমি কেনাবেচার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের ফলে বহু সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ভূমি-সংক্রান্ত জটিলতায় পড়েছেন।
অতীতে এসব অপরাধী গোষ্ঠীর প্রভাবের কারণে সাংবাদিক, গণমাধ্যমকর্মী, জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জঙ্গল সলিমপুরে প্রবেশ ও দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হয়েছেন । এমনকি দায়িত্ব পালনকালে একজন র্যাব সদস্যকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটেছে। যা প্রকৃতপক্ষে ওই এলাকায় একটি সুসংগঠিত সন্ত্রাসী চক্রের অবস্থান ও কার্যক্রম পরিলক্ষিত হয়। এসব ঘটনা এ এলাকার দীর্ঘদিনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জের গভীরতা তুলে ধরে।
বর্তমানে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত ও উদ্যোগে জঙ্গল সলিমপুরের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সরকারি খাসজমির সুষ্ঠু ব্যবহার এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে কার্যক্রম এগিয়ে চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নে একযোগে ছয়টি সড়কের কাজ চলমান রয়েছে। পাশাপাশি সরকারি কার্যক্রম বাস্তবায়ন, নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত হবে, সরকারি সম্পত্তির সুরক্ষা নিশ্চিত হবে এবং সাধারণ মানুষ দীর্ঘদিনের বঞ্চনা ও অপরাধী গোষ্ঠীর প্রভাব থেকে মুক্ত হয়ে তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সুযোগ পাবেন।
জেলা পুলিশের বক্তব্য, জঙ্গল সলিমপুরের সাধারণ বাসিন্দাদের উচ্ছেদ করা বা তাঁদের বৈধ সম্পত্তির অধিকার কেড়ে নেওয়া সরকারের উদ্দেশ্য নয়। বরং সরকারি খাসজমি অবৈধ দখলমুক্ত করে আইনানুগ ব্যবহার নিশ্চিত করা, প্রকৃত ভূমি মালিকদের অধিকার সুরক্ষা, অপরাধ দমন এবং এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য।
সরকারি কার্যক্রম বাধাগ্রস্ত করতে অপপ্রচারের আশঙ্কা
জঙ্গল সলিমপুরে ভূমি দখল ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ইয়াসিন ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী সরকারি কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার এবং সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাঁদের প্রশাসনের মুখোমুখি করার অপচেষ্টা করে যাচ্ছে।
এ ছাড়া অর্থের বিনিময়ে কিছু নারীকে কাজে লাগিয়ে সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর বক্তব্য ও কথিত ভুয়া কাগজপত্র উপস্থাপন করা হচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী সাধারণ মানুষের জমি-সংক্রান্ত উদ্বেগ ও আবেগকে কাজে লাগিয়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা সৃষ্টি, প্রশাসনের বিরুদ্ধে জনমত উত্তেজিত কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সেক্ষেত্রে যথাযথ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সুপারের কার্যালয়ে ভূমি-সংক্রান্ত তথ্য ও দলিলের অসংগতি জানার পরও মীর মো. হাসানের সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের বিরুদ্ধে হুমকির অভিযোগ উত্থাপন এবং ঘটনার পূর্ণ প্রেক্ষাপট উপস্থাপন না করার বিষয়টি অপ্রাসঙ্গিক, অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে। এ ধরনের অপপ্রচারের পেছনে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্তপূর্বক তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জঙ্গল সলিমপুরবাসীর প্রতি জেলা পুলিশের আহ্বান
প্রিয় জঙ্গল সলিমপুরবাসী, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনা, গুজব কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের একতরফা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের উদ্দেশ্য সাধারণ মানুষের বৈধ জমি দখল করা নয়। আপনারা নিজেদের জমির প্রকৃত দাগ, খতিয়ান, দলিল, নামজারি ও মৌজা নকশা যাচাই করুন। কোনো প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট ভূমি অফিস, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ জানান এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী সহযোগিতা গ্রহণ করুন। কোনভাবেই সন্ত্রাসী গোষ্ঠীর হাতিয়ার হিসেবে নিজেকে ব্যবহারের সুযোগ না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সরকারি সম্পত্তি রক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধী চক্রের অপতৎপরতা দমনে কঠোর অবস্থানে রয়েছে। জমি কেনাবেচার নামে প্রতারণা, সরকারি খাসজমি অবৈধ দখল, পাহাড় কাটা, ভয়ভীতি প্রদর্শন, অপপ্রচার কিংবা সরকারি কার্যক্রমে বাধা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। কোনো অপরাধী গোষ্ঠীকে সাধারণ মানুষকে প্রতারিত করে তাঁদের অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ দেওয়া হবে না।
সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ, এ ধরনের সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য, দলিল, ভূমি রেকর্ড ও বাস্তব অবস্থা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ জনগণকে যাচাইবিহীন তথ্য ও গুজবে কান না দিয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সরকারি উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান করা হচ্ছে।