মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ‘মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় গজারিয়া সরকারি পাইলট মডেল হাইস্কুল কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই পরীক্ষা সম্পন্ন হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনার প্রতি আরও উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ পরীক্ষায় উপজেলার ৩০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সকাল থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় শিক্ষাবিদরা। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ ও মফস্বল পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের উৎসাহ জোগাতেই প্রতি বছর এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। পরীক্ষার ফলাফল প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হবে।