তারিখ: ১৪ নভেম্বর ২০২৬, শনিবার নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। শনিবার (১৪ নভেম্বর) নির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনি নেত্রকোণা পুলিশ লাইন্সে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
পরিদর্শনকালে রেঞ্জ ডিআইজি জেলা পুলিশের রিজার্ভ অফিস, ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথিং স্টোর, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল ও মোটরযান শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট শাখাগুলোর কার্যক্রম, গুরুত্বপূর্ণ রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়ন, স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এর আগে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে নেত্রকোণা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের অংশগ্রহণে রেঞ্জ ডিআইজির বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা তাঁদের কর্মক্ষেত্রের সমস্যা, সুযোগ-সুবিধা ও বিভিন্ন দাবি-দাওয়ার বিষয় তুলে ধরেন। রেঞ্জ ডিআইজি তাঁদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় নেত্রকোণা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।