লাখাই উপজেলার ঐতিহ্যবাহী পরিবারের উত্তরসূরি, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ ব্যবসায়ী নেতা মো. মাহমুদুল হক আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ৪নং বামৈ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
লাখাই উপজেলার সর্বজনশ্রদ্ধেয় ও বিশিষ্ট বিচারক মরহুম হাজী আব্দুল হক (দুলাই হাজী)-এর নাতি মো. মাহমুদুল হক। শৈশব থেকেই তিনি পারিবারিক শিক্ষা, সততা ও ন্যায়পরায়ণতার আলোয় বেড়ে উঠেছেন। তাঁর দাদা মরহুম দুলাই হাজী সততা ও সুবিচারের জন্য লাখাইবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন। সেই গৌরবময় পারিবারিক ঐতিহ্যকে ধারণ করে মাহমুদুল হক নিজেকে জনসেবা ও সমাজ উন্নয়নে নিয়োজিত রেখেছেন।
পারিবারিক জনপ্রিয়তার পাশাপাশি নিজস্ব নেতৃত্ব গুণে তিনি কালাউক বাজার ব্যবসায়ী ও মালিক কল্যাণ সমিতির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে বর্তমানে ব্যবসায়ীদের স্বার্থ ও কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন।
নিজের প্রার্থিতা ও পারিবারিক আদর্শ নিয়ে মাহমুদুল হক বলেন, "আমার দাদা মরহুম দুলাই হাজী সারা জীবন মানুষের ন্যায়বিচার ও সেবা করে গেছেন। তাঁর সেই আদর্শকে বুকে ধারণ করেই আমি বামৈ ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়াতে চাই। পারিবারিক সুনাম ও শিক্ষার মর্যাদা রক্ষা করে ঐতিহ্যবাহী এই ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার প্রধান উদ্দেশ্য।"
তিনি বামৈ ইউনিয়নের সাবেক সফল প্রধানদের সার্বিক উন্নয়নের ধারা বজায় রেখে একটি মাদকমুক্ত সমাজ, তরুণদের জন্য কর্মসংস্থান এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে পরিবারের সুনামকে কাজে লাগিয়ে বামৈ ইউনিয়নের সার্বিক পরিবর্তনের লক্ষে মাহমুদুল হক ইউনিয়নের সর্বস্তরের মুরুব্বি, যুবক ও সাধারণ জনগণের নিকট আন্তরিক দোয়া, ভালোবাসা ও পূর্ণ সমর্থন কামনা করেছেন।