"শুধু নির্বাচন উপলক্ষে নয়, সমাজপতিদের উচিত সব সময়ই সমাজের কল্যাণে কাজ করা এবং সমাজে বসবাসকারী সকল জাতি-গোষ্ঠীর মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রাখা। স্থানীয় জনসাধারণের সঙ্গে পক্ষপাত কিংবা বৈরী আচরণ—কোনোটাই নেতৃত্বের গুণাবলি নয়।"

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়ন পরিষদে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) আয়োজিত এক সম্প্রীতি সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, নির্বাচন এলে প্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে যেমন সুন্দর আচরণ এবং সম্প্রীতি দেখা যায়, নির্বাচনের পরে সেই আচরণের লেশমাত্র দেখা যায় না। প্রকৃত নেতৃত্বের বিকাশ ঘটাতে হলে নির্বাচনের পরও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে হবে এবং দল-মত নির্বিশেষে সবার প্রতি সমান আচরণ নিশ্চিত করতে হবে।

ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর যশোর জেলা সভাপতি অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ।

গণঅধিকার ফাউন্ডেশনের পরিচালক মো. ইকরামুল হক মিঠুর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিএফজির পিস অ্যাম্বাসেডর ও বিএনপি নেতা মো. মাসুদ আলম টিপু, হাফিজুর রহমান হাফিজ এবং দিলরুবা পারভীন। এছাড়া স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ আসন্ন নির্বাচনে ধলগ্রাম ইউনিয়ন থেকে সম্ভাব্য চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীগণ সমাবেশে অংশগ্রহণ করেন।