বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষসেরা প্রতিনিধিদের সম্মাননা জানিয়েছে স্থানীয় দৈনিক মুন্সিগঞ্জের বার্তা। পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন বিভাগে অবদান রাখা সেরা প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে মুন্সিগঞ্জ জেলা শহরে অবস্থিত পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক। এ সময় প্রিন্ট ও অনলাইন সংস্করণের অন্যান্য সাংবাদিক ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
গজারিয়া উপজেলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সাংবাদিক আল আমিনকে বর্ষসেরা প্রতিনিধি হিসেবে এই সম্মাননায় ভূষিত করা হয়।