চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে চাঁদাবাজি মামলার আলামত হিসেবে দুটি যাত্রীবাহী এসি বাস উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানার এসআই আব্দুল্লাহ আল নোমান, এসআই মো. মিজানুর রহমান চৌধুরী ও এএসআই মো. সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ শনিবার (১৪ নভেম্বর) রাত ১টা ৫০ মিনিটের দিকে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ বাস টার্মিনালসংলগ্ন দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মাঠ এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সদরঘাট থানায় দায়েরকৃত চাঁদাবাজি মামলার (মামলা নং-০৯, তারিখ-১০/১১/২০২৬, ধারা-৩৮৫/৩৪ পেনাল কোড) আলামত হিসেবে ‘ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৭৪’ এবং ‘ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৩’ নম্বরের দুটি বিলাসবহুল এসি বাস উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত বাস দুটি বর্তমানে সদরঘাট থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।