চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং ভিআইপি সড়কের পাশে একটি হোটেল উদ্বোধনকালে সৈয়দ নূর ও তার ছেলে সৈয়দ সাদাত নূরকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
গতকাল ১৫ নভেম্বর, রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ৮টার দিকে ইপিজেড থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, সৈয়দ নূর ও তার ছেলে সৈয়দ সাদাত নূরের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তার, জমি দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। তাদের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও করেছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্ট ক্রসিং এলাকায় একটি হোটেল/কাবাব হাউস উদ্বোধনের সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি তাদের ঘিরে ফেলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে যায়।
স্থানীয়দের আরও অভিযোগ, সৈয়দ নূরের বিরুদ্ধে নগরীর বিভিন্ন এলাকায় অন্যের জমি দখলসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র আন্দোলনের সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হয়রানির অভিযোগও করেন কয়েকজন উপস্থিত ব্যক্তি।
এ ছাড়া হোটেল ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড, অবৈধ গ্যাস-বিদ্যুৎ-পানির সংযোগ ব্যবহার এবং অন্যান্য অনিয়মের অভিযোগও করেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
ইপিজেড থানার ওসি মো. আতিকুর রহমানের বরাত দিয়ে স্থানীয় সূত্র জানায়, সৈয়দ নূরের ভাই রিয়াজ উদ্দিনের নামও পুলিশের তালিকাভুক্ত অপরাধী হিসেবে রয়েছে।
এদিকে, সৈয়দ নূর ও তার ছেলেকে আটকের পর তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে স্থানীয়দের একটি অংশ মিছিল ও স্লোগান দেন।